মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের বাসটি মাগুরা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া একটার দিকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয় এবং উল্টে যায়।
দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি সেতুর মাওয়া প্রান্তের ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। বাসটি প্রথমে ডান দিকের রেলিংয়ে ধাক্কা দেয় এবং এরপর পুরোপুরি ঘুরে গিয়ে বাঁ দিকের রেলিংয়ে আঘাত হানে ও উল্টে যায়।
বেলা ১টা ৩৭ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর পৌঁছালে দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতরা হলেন— মাগুরা সদরের সাইফুল্লাহ (৮০) ও লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, "খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।"
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না মুক্তকণ্ঠকে বলেন, "বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে আহত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে নূর ইসলাম নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।"