যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলারের (২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ প্রদান করছে। এতে দেশের মাতৃ-নবজাতক-শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করার লক্ষ্য রাখা হয়েছে।

আজ সোমবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী যন্ত্রাংশ, গুরুতর অপুষ্টিগ্রস্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণগুলো এই সহায়তার আওতায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। সহায়তার অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পঞ্চগড় জেলা হাসপাতালে ভ্রমণ করেন। সেখানে তিনি সিভিল সার্জন মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।

বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে স্বাস্থ্য খাতের উদ্ভাবন এগিয়ে নিতেও এটি ভূমিকা রাখছে। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।