ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রায় সাড়ে সাত ঘণ্টা স্থায়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজ এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা আশপাশের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে চলতে থাকে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শনিবার একপক্ষের লোকজনের ওপর হামলা চলে। এর জবাবে রোববার বিকেলে প্রতিপক্ষের লোকজন পাল্টা হামলা চালায়। বিষয়টি উত্তেজনার সূত্র ধরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন, যা আশপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ে।

প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে পরমেশ্বরদী গ্রামের কবির মোল্যা, কামরুল মোল্যা ও লোকমান মোল্যার অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শাওন বলেন, "সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।"

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"