ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পানিভর্তি বালতিতে পড়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আয়েশা। সে ওই গ্রামের আশিক মোল্লার একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশুটিকে ঘরের ভেতর বিছানায় ঘুম পাড়িয়ে রেখে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটিকে গোসল করানোর জন্য ঘরের বাইরে একটি বড় বালতিতে পানি ভরে রাখা হয়েছিল। কিছুক্ষণ পর শিশুটির ঘুম ভাঙলে সে হামাগুড়ি দিয়ে বালতির কাছে যায় এবং পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বালতির ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখে তারা দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে পরিবারগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।