গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজমুল হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই গৃহবধূ। রোববার (৩০ আগস্ট) কোটালীপাড়া থানায় মামলাটি দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট ওই গৃহবধূ উপজেলার কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামে স্বামীর বাড়ি থেকে ধারাশাইল গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে ধারাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে নাজমুল হাওলাদার কয়েকজনের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যান। পরে বাজারসংলগ্ন একটি বাড়িতে তাকে আটকে রেখে আট দিন ধরে ধর্ষণ করা হয়।

পুলিশ জানায়, বিষয়টি জানতে পেরে গত ২৯ আগস্ট সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রিয়াদ মাহমুদ বলেন, 'ওই গৃহবধূ মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'