কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর এলাকার দিনমজুর মো. মমিন আলী ও গৃহিণী আয়শা বেগমের পাঁচ বছরের ছেলে আরিফুল ইসলাম হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। মাথা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়ায় তার ভারে নুয়ে পড়েছে। একা হাঁটতে না পারা, মাথাব্যথা ও জ্বালাপোড়া এবং যন্ত্রণায় ছটফটানোর কারণে পরিবারটি এখন চিকিৎসা সংকটে।
মস্তিষ্কে পুষ্টি সরবরাহ ও বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজ করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ নামক তরল। কোনো কারণে এই তরল মস্তিষ্ক থেকে ঠিকমতো বের না হলে তা জমে হাইড্রোসেফালাস রোগের সৃষ্টি হয়। চিকিৎসকদের মতে, আরিফুলের মাথায় দুই থেকে তিন দফায় অস্ত্রোপচার প্রয়োজন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২১ দিন ভর্তি থাকার পর গত ২৯ আগস্ট তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফুলের পাশে আছেন তার ফুফাতো ভাই মো. জহুরুল ইসলাম। তিনি জানান, চিকিৎসকরা ১৪ দিন পর দ্বিতীয় দফার অস্ত্রোপচারের নির্দেশ দিয়েছেন। ধারদেনা এবং স্বজন, প্রতিবেশী ও পরিচিতদের আর্থিক সহযোগিতায় প্রথম অস্ত্রোপচারের খরচ মেটানো গেলেও বর্তমানে তাদের হাতে আর কোনো টাকা নেই।
এমন পরিস্থিতিতে ছেলের দ্বিতীয় ও তৃতীয় অস্ত্রোপচারের জন্য দেশবাসীর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন অভিভাবক মমিন আলী ও আয়শা বেগম। সাহায্য পাঠানো যাবে (বিকাশ, নগদ ও রকেট) 01727838401 নম্বরে। ব্যাংক হিসাবের নাম: Md Jahurul Islam, হিসাব নম্বর: 5203501022038 , সোনালী ব্যাংক পিএলসি, ভূরুঙ্গামারী শাখা, কুড়িগ্রাম।