ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ফেসবুকে তার ব্যক্তিগত তথ্য ফাঁস এবং অচেনা নম্বর থেকে হুমকির অভিযোগ এনে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রোববার (৩০ আগস্ট) তিনি এই জিডিটি দায়ের করেন।

জিডিতে অভিযোগ করা হয়েছে, একটি চক্র অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। তথ্য ফাঁসের পর থেকে বিভিন্ন অচেনা নম্বর থেকে তাকে ফোন করে বাজে কথা বলা ও হুমকি দেওয়া হচ্ছে। আবাসনসংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি এখন নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েই এই জিডিটি করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।’ তিনি আরও জানান, জিডিটি অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) পাঠানো হবে।