পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে রোববার সন্ধ্যায় নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ পরিচালনার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী হুমায়ুন কবির নির্ধারিত দায়িত্বের বাইরেও সব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন। পররাষ্ট্রমন্ত্রী আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় থাকে, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
খলিলুর রহমান গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তিনি ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে সাবেক স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এদিকে, ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার রদবদলে হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। শামা ওবায়েদ ইসলামও পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদে বহাল থাকেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ২৩ আগস্টের পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে চিহ্নিত করে দায়িত্ব বণ্টন করে।