বান্দরবান সদর উপজেলার ওয়াইব্রোংপাড়া এলাকায় গত ২৭ আগস্ট বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় রাখা ১ হাজার ৩৫২ দশমিক ৯২ ঘনফুট সেগুন কাঠসহ একটি পিকআপভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫১ হাজার ৭২০ টাকা।

বিজিবির বান্দরবান সেক্টর সদর দপ্তর থেকে রোববার (৩০ আগস্ট) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেক্টর কমান্ডারের নির্দেশনায় পরিচালিত অভিযানে কাঠের চালানটি পাওয়ার পর জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কাঠ ও অন্যান্য সামগ্রী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বান্দরবান সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. আমিনুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা, অবৈধ কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ চক্রগুলোর যে কোনো অপতৎপরতা বন্ধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।