জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে দেশের বাইরে যাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের সকল বিষয়ে সহযোগিতার দায়িত্ব পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা একটি পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ এর বিধান অনুযায়ী প্রতিমন্ত্রীর নির্দিষ্ট দায়িত্বের বাইরেও হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন দায়িত্বে যুক্ত হওয়ার কারণে পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্যক্রম যেন ব্যাহত না হয় এবং দেশের বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় থাকে, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. খলিলুর রহমান।

গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে হারিয়ে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন তিনি। ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য এ দায়িত্ব পালন শুরু করবেন তিনি। এই সময়ে তিনি নিউইয়র্কসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় অবস্থান করবেন। বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে এ পদ পেয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে এ পদে দায়িত্ব পাওয়া এক বিশাল গৌরবের।

অন্যদিকে, ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার রদবদলে হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। শামা ওবায়েদ ইসলামও পদে বহাল থাকেন। ২৩ আগস্টের পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে চিহ্নিত করে দায়িত্ব ভাগ করা হয়।