শরীয়তপুরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, "এদেশে সরকার আসে, সরকার যায়, বাজেট হয়, উন্নয়ন হয়, কিন্তু শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য রাস্তায় নামতে হয়, আন্দোলন করতে হয়।"

শনিবার (২৯ আগস্ট) বিকেলে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বক্তব্যে তিনি দেশের অর্থনীতি ও উন্নয়নের পেছনে শ্রমিকদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, "আমাদের দেশে শিল্প সেক্টর থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই, যেখানে শ্রমিকের অবদান নেই। এ দেশ শ্রমিকের ঘাম ও রক্তের ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু যেই দেশের জন্য শ্রমিকদের এত অবদান, রাষ্ট্র তাদের সেই মর্যাদা দিতে পারেনি। শ্রমিকরা শুধু তাদের পেশাগত দায়িত্ব পালন করেই থেমে থাকেন না। দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অর্জনের ক্ষেত্রেও শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।"

সংবিধান ও বাস্তবতার ব্যবধান নিয়ে তিনি আরও মন্তব্য করেন, "এখন পর্যন্ত এ দেশে ৫৪-৫৫টি বাজেট হয়েছে। প্রতিটি বাজেটেই উন্নয়নের কথা বলা হয়েছে, অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের জীবনযাত্রার কোনো কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও তাদের জীবনমানের উন্নয়নে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না।"

সমাবেশে অন্যান্য বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং শ্রমিকবান্ধব নীতি প্রণয়নের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান.