নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জেলা ছাত্রদলের এক শীর্ষ নেতা রয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত অশ্বদিয়া ইউনিয়নের দিনমণি বাজার থেকে ইউনিয়ন পরিষদ ভবন এলাকা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এই সংঘাতের ফলে নোয়াখালী-কোম্পানীগঞ্জ-কবিরহাট আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আহতদের মধ্যে নোয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বলের নাম পাওয়া গেছে, তবে বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘোষিত অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটিতে পদপ্রত্যাশী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। শনিবার বিকেলে দুই পক্ষের মুখোমুখি হলে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের লড়াইয়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, যা সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার বিষয়ে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"