নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে শনিবার (২৯ আগস্ট) নবগঠিত ছাত্রদল কমিটির আনন্দ মিছিলে যাওয়ার পথে পদবঞ্চিত নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে নবগঠিত কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
উপজেলার সোনাপুর-কবিরহাট সড়কের অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শাকিল, যুগ্ম আহ্বায়ক রাব্বি, শাহেদ, টিপু, হৃদয় এবং নেতা আসিফসহ অন্তত ১০ জন অন্তর্ভুক্ত। বাকি আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নবগঠিত কমিটির নেতারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি অনুমোদন দেওয়া হলেও, ঘোষণার পর থেকে পদবঞ্চিত নেতা মোশারফ হোসেন সাগর ও মাহবুবুল আলম রবিনের নেতৃত্বে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও লেখালেখি চলছে। শনিবার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। ওয়াপদার পোল এলাকা থেকে দুটি পিকআপে করে নেতাকর্মীরা মিছিলে যোগ দিতে গেলে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের সামনে তাদের গতিরোধ করা হয়। পরবর্তীতে সেখানে হামলা চালানো হয়। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল নেতাকর্মীদের রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
তারা আরও জানান, হামলার আশঙ্কা থাকায় বিষয়টি আগেই পুলিশকে অবহিত করা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতিতেই হামলা চলে বলে দাবি করে তারা। জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জোর দাবি জানান নবগঠিত কমিটির নেতারা।
অন্যদিকে, পদবঞ্চিত ছাত্রদল নেতা মোশারফ হোসেন সাগর সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তিনিসহ তার সহকর্মীরা দলের দুঃসময়ে কেন্দ্র, জেলা ও উপজেলা ছাত্রদলের নির্দেশিত সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সে সময় তারা বিভিন্ন মামলা, জেল-জুলুম ও হামলার শিকারও হয়েছেন। অথচ দলের সুসময়ে এসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের দিয়ে ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করায় তারা চরম হতাশ। তিনি দাবি করেন, তাদের ওপরই মূলত অতর্কিত হামলা চালানো হয়েছে। এতে তাদের এক ওয়ার্ড ছাত্রদল নেতাসহ ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে ইউনিয়ন পরিষদের সামনে পদবঞ্চিত নেতা মোশারফ হোসেন সাগর ও মাহবুবুল আলম রবিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী অবস্থান নেন। এ সময় ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল। বিকেল ৪টার দিকে নবগঠিত কমিটির নেতাকর্মীদের বহনকারী দুটি পিকআপ আনন্দ মিছিলে যাওয়ার পথে ইউনিয়ন পরিষদের সামনে বাধার মুখে পড়ে। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে স্থানীয় দিনমণি বাজার থেকে আনন্দ মিছিল বের করেন নবগঠিত কমিটির নেতাকর্মীরা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, সেখানে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলা ও আহতের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি.