ফেনী পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চাড়িপুর মুন্সিবাড়ির সংলগ্ন ঝোপ থেকে শনিবার (২৯ আগস্ট) সকালে এক নবজাতক কন্যাসন্তান উদ্ধার করা হয়েছে। ওড়নায় মোড়ানো অবস্থায় শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা তাছলিমা আক্তার জানান, ফজরের নামাজ শেষ করে জানালা খুলতেই তিনি শিশুর কান্নার শব্দ পান। বিষয়টি ভিডিও কলের মাধ্যমে প্রবাসী স্বামীকে দেখালে তিনি দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেন। এরপর শিশুটিকে উদ্ধার করে ফেনী মডেল থানায় নিয়ে যাওয়া হয়। তাছলিমা আক্তার আরও জানান, তার দুই ছেলে থাকলেও কোনো কন্যাসন্তান নেই, তাই তিনি শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দুপুর ১২টার দিকে নবজাতকটিকে নিয়ে এক নারী থানায় আসেন। শিশুটি অসুস্থ থাকায় এবং তার পরিচয় নিশ্চিত না হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। পরে বিকেলে শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রোকন-উদ-দৌলা জানান, শিশুটিকে সেবিকাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বর্তমানে তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুইক রেসপন্স টিমের সংগঠক জয় আবির জানান, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নবজাতকের দেখাশোনা ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে কাজ করছেন। শিশুটিকে দেখার পাশাপাশি দত্তক নেওয়ার আগ্রহ নিয়ে অনেকেই হাসপাতালে ভিড় করছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, শিশুটি সুস্থ হলে তার আইনি অভিভাবকত্ব হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত চলছে।