চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন (৫৭)। কিন্তু চিকিৎসা করানো আর হলো না; ছিনতাইকারীর টানাটানিতে রিকশা থেকে পড়ে গিয়ে প্রাণ হারান তিনি।
শনিবার (২৯ আগস্ট) সকাল ছয়টার দিকে রাজধানীর সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুই ছিনতাইকারী। টানাটানির একপর্যায়ে রনজিলা রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন ও তাঁর স্বামী তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকায় স্বামী আবদুল মতিন ও নবম শ্রেণিতে পড়ুয়া একমাত্র মেয়েকে নিয়ে থাকতেন। তাঁর মূল বাড়ি গাবতলী উপজেলার সোনাকানিয়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, চোখের চিকিৎসার জন্য শুক্রবার রাত ১২টার দিকে বগুড়া থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিলা। শনিবার ভোরে ঢাকায় পৌঁছে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার জন্য রিকশায় ওঠেন। পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতের ব্যাগটি টান দিলে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছেছেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রনজিলা পারভীন ১৯৮৮ সালের জানুয়ারিতে সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেন।