সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেড়াজালী গ্রামে পানি তোলার মোটর চুরির অপবাদ ও মা-বাবাকে অপমানের জেরে এমরান হোসেন (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এমরান বেড়াজালী গ্রামের আবদুল হাসিমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিজের ঘরের বারান্দার বাঁশের আড়ার সঙ্গে রশিতে প্যাঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এমরানের ছোট ভাই তুহিন হোসেন জানান, তারা দুই ভাই ও এক বোন। বোনের বিয়ে হয়েছে। দুই ভাইই রাজমিস্ত্রির কাজ করেন। ১৫ দিন আগে স্থানীয় বেড়াজালী বাজার থেকে চান মিয়ার একটি পানি তোলার মোটর ও কিছু ইলেকট্রিক তার চুরি হয়। বিষয়টি চান মিয়ার ছেলে আবুল ফজল তাদের জানায়। পরবর্তীতে আবুল ফজল মোটর চুরির অভিযোগ তোলেন এমরান হোসেন ও একই গ্রামের যুবক নিলু মিয়ার বিরুদ্ধে।
এ নিয়ে গতকাল শুক্রবার রাতে বেড়াজালী বাজারে গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলীর ব্যক্তিগত কার্যালয়ে একটি সালিস বৈঠক বসে। এমরান হোসেনের বাবা আব্দুল হাসিম অভিযোগ করে বলেন, সালিসে যাদের সাক্ষী ডাকা হয়েছিল, তারা চুরির বিষয়ে কিছুই জানেন না বলে জানান। কিন্তু ইউপি চেয়ারম্যান ও চান মিয়া মিলে জোর করে আমার ছেলের ওপর চুরির দায় চাপিয়ে দেন। এ সময় আমার স্ত্রী সাহার বেগম কথা বলতে চাইলে চেয়ারম্যান আমাদের হুমকি-ধমকি দেন এবং মারধর করার উদ্যোগ নেন। পরে আগামী সোমবারের মধ্যে চুরি যাওয়া মোটর ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়, অন্যথায় পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয়।
তিনি আরও বলেন, এমরান সালিসে নিজের ও মা-বাবার অপমান সহ্য করতে পারেনি। রাতে পরিবারের সবাই তাকে অনেক বুঝিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে ঘরের বারান্দায় রশিতে তার লাশ ঝুলতে দেখা যায়। এমরান খুব ভালো ছেলে ছিল। খাটে-খেটে খেত, অন্যায় কাজে কখনও যুক্ত ছিল না। চেয়ারম্যান সালিসে আমাদের ভীষণ অপমান করেছেন। এই অপমানের কারণেই আমার ছেলে মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
তবে এসব অভিযোগ অস্বীকার করে গৌরারং ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, সালিসে এমরান বা তার পরিবারের কাউকে হুমকি-ধমকি দেওয়া হয়নি। তাদের আতীয়দের মধ্যে টাকা-পয়সা লেনদেন নিয়ে পারিবারিক ঝামেলা ছিল। এমরান প্রচুর ঋণগ্রস্ত ছিলেন। আগামী সোমবারে তাদের পারিবারিক ঝামেলা নিয়ে বসার কথা ছিল। আর বলা হয়েছিল, এর মধ্যে মোটর পাওয়া গেলে সেদিন যেন নিয়ে আসা হয়। এর বেশি কিছু বলা হয়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বেড়াজালী গ্রাম থেকে এমরান হোসেন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, চুরির অপবাদ ও মা-বাবাকে অপমানের জেরে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরিবার লিখিত অভিযোগ দেবে বলে জানিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।