মিরসরাই প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন শেষ হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভার প্রথম অধিবেশনে প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।
নির্বাচনে দৈনিক পূর্বকোণের প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন। অন্যদিকে, জাগো নিউজের প্রতিনিধি এম মাঈন উদ্দিন সাধারণ সম্পাদক এবং আরটিভির প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
প্রেস ক্লাবের আহ্বায়ক এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে শুরু হওয়া প্রথম অধিবেশনে বিদায়ী সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন সম্পাদকীয় প্রতিবেদন, বিদায়ী কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন আর্থিক প্রতিবেদন এবং এম আনোয়ার হোসেন নিরীক্ষা বা অডিট প্রতিবেদন উপস্থাপন করেন। উক্ত অধিবেশনে নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান।
পরবর্তীতে অনুষ্ঠিত প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।" তিনি সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর জোর দেন।
প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লিফটন গ্রুপের সিইও এমডি মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং সাংবাদিক দেব দুলাল ভৌমিক। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।