ব্রাহ্মণবাড়িয়ার জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনভর স্থান নিয়ে চলমান নাটকীয়তা ও প্রশাসনিক সিদ্ধান্তের পর শেষ পর্যন্ত আবারও এই ভেন্যুতেই কর্মসূচিটি পুনরায় অনুমোদন পাওয়ায় রাত ৭টায় এটি শুরু হয়।
শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সভার পুনরায় অনুমোদন ঘটে। এর আগে শিল্পকলা একাডেমিতে সভা আয়োজন করলেও কওমি ছাত্র ঐক্য পরিষদ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। পরে প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলার ভেন্যু বাতিল করা হলে সভাস্থল হিসেবে প্রথমে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর এবং পরে জেলা পরিষদ মিলনায়তনের নাম উঠে আসে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও শিল্পকলা একাডেমিকেই নির্ধারণ করা হয়।
শনিবার দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় এনসিপি নেতৃবৃন্দ ও কওমি ছাত্রদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর কওমি ছাত্ররা শিল্পকলায় তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন এবং এনসিপির কর্মসূচিতে কোনো বাধা দেবেন না বলে নিশ্চিত করেন। ফলে দীর্ঘ আলোচনার পর বর্তমান স্থানেই সভাটি সম্পন্ন হচ্ছে। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।