মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে তিনি সব ধরনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকা এবং কোনো ঘটনা ঘটার আগেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ অডিটরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি এসব নির্দেশনা দেন। সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ দেশের জন্য, জনগণের কল্যাণে কাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সম্মেলনে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন।
সভায় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্তের অগ্রগতি, বিচার কার্যক্রম এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ডাকাতি ও ধর্ষণ মামলার তদন্ত জোরদার, পুলিশ আক্রান্ত মামলার তদারকি বৃদ্ধি, মুলতবি মামলা কমিয়ে সাজার হার বাড়ানো এবং নিখোঁজসংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া সম্মেলনে পিবিআই, সিআইডি, এটিইউ, র্যাব ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধানরা নিজ নিজ ইউনিটের কার্যক্রম নিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। অনুষ্ঠানে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৬ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেওয়া হয়। আইজিপি তাদের হাতে ব্যাজ তুলে দেন।