টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাজেক-বাঘাইহাট সড়কের নিচু অংশ প্লাবিত হওয়ায় সাজেক ভ্যালির সাথে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত বাঘাইহাট এলাকায় সড়ক জলমগ্ন হলে শত শত পর্যটকবাহী গাড়ি আটকা পড়ে। পরবর্তীতে বিকেলে পানি কমলে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্র জানায়, টানা ছুটির কারণে মেঘের রাজ্য সাজেকে পর্যটকদের ভিড় ছিল ব্যাপক। শনিবার সকাল ও বিকেলে নির্ধারিত এসকর্টে পর্যটকদের ফেরার কথা থাকলেও, সড়ক প্লাবনের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পানি নামার পর সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে আটকা পড়া গাড়িগুলো সরিয়ে দেন। ফলে বিকেলের দিকে আটকে থাকা পর্যটকরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। একই সময়ে নতুন করে কিছু পর্যটকবাহী গাড়িও সাজেক ভ্যালিতে প্রবেশ করে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটির কারণে সাজেকের প্রায় ৮০ শতাংশ রুম আগেই বুকিং হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিচু এলাকা তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক উল্লেখ করে তিনি আরও জানান, শনিবার সকাল ও বিকেল মিলিয়ে অন্তত ১ হাজার ৫০০ জন পর্যটক সাজেক থেকে নিরাপদে বের হয়ে গেছেন এবং নতুন করে প্রায় ৮৫০ জন পর্যটক সাজেকে প্রবেশ করেছেন।