ঝালকাঠির রাজাপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মো. জামাল হোসেন (২৩) বিদেশ পালানোর চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টার থেকে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস। এর আগে শুক্রবার তাকে আটকের পর রাতে থানায় নিয়ে যাওয়া হয়েছিল।
গ্রেপ্তার আসামি জামাল হোসেন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের মো. মকিম হোসেনের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল দুপুরে একই এলাকার মিলন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে ৫ এপ্রিল রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়। যদিও মামলার এজাহারে জামাল হোসেনকে দুই নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে পুলিশের দাবি তিনিই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
শুক্রবার বিদেশ যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে রাজাপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা বিমানবন্দরে গিয়ে আসামিকে নিজেদের হেফাজতে নেয়। ওসি সুজন বিশ্বাস জানান, ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।