চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় সড়কে ভাসমান রিকশাভ্যান স্থাপন নিয়ে বিরোধের জেরে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফজলুল আমিন নগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ শাহজাহান নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন। তিনি ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় সড়ক দখল করে হকারদের রিকশাভ্যান বসানোর ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। ফজলুল আমিন অবৈধ ভাসমান দোকানপাট বসানোর বিরোধিতা করায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল।
চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটেনি, এলাকার স্থানীয় বিষয় নিয়ে ঘটেছে। নিহত ফজলুল আমিন আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। সেখানে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে শুনেছি।"
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, "এলাকার বিরোধ নিয়ে শাহজাহান ও ফজলুল আমিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে তর্কাতর্কির একপর্যায়ে শাহজাহানের দেওয়া বুকের ঘুষিতে ফজলুল আমিন মারা যান। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
এ ঘটনায় নিহতের পরিবার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান, তার ছেলে সিফাতসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছে।