ভোলার মনপুরা উপজেলায় গত শুক্রবার থেকে একদিনের ব্যবধানে তিন শিশু নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় স্থানীয় মহলে চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার পরও নিখোঁজদের সন্ধান মিলেনি।
নিখোঁজ শিশু তিনজন হলেন—উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাজিমুদ্দিন মঞ্জুর ছেলে মো. জুনায়েদ (১২) ও আরাফাত (১২), এবং ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের ছেলে হাবিবুর রহমান (১৩)।
স্থানীয় সূত্র জানায়, জুনায়েদ ও আরাফাত গত শুক্রবার বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যান। খেলা শেষে সন্ধ্যা পার হলেও তারা বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পরও কোনো সূত্র না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি নিয়ে জুনায়েদের বাবা মো. নাজিমুদ্দিন মঞ্জু বলেন, "গতকাল আমার ছেলে জুনায়েদ ও তার খেলার সাথী আরাফাত বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায়। এরপর থেকে তারা আর বাসায় ফেরেনি। গতকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করা সত্ত্বেও কোথাও তাদের সন্ধান মেলাতে পারিনি।"
অন্যদিকে, ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর ‘মাদরাসাতুল দারুল কুরআন’ মাদ্রাসায় অধ্যয়নরত হাবিবুর রহমানও নিখোঁজ হয়েছেন। তার বাবা মো. কামাল জানান, শুক্রবার রাতে মাগরিবের নামাজ পড়তে বের হওয়ার পর তিনি আর মাদ্রাসায় ফেরেননি। মো. কামাল বলেন, "মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর থেকে আমার ছেলে আর মাদ্রাসায় ফেরেনি। পরিচিত ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত। কেউ যদি তার সন্ধান পেয়ে আমাদের জানান, তবে পরিবারের ওপর বড় উপকার হবে।"
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, "শিশু নিখোঁজের বিষয়ে এখনো কোনো অভিভাবক থানায় লিখিত বা মৌখিকভাবে জানাননি। তবে বিষয়টি আমরা গুরুত্বের সাথে খোঁজ নিয়ে দেখছি।"