নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আষাড়িয়ারচর সেতুর সংস্কারকাজ শেষ হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পুনরায় যান চলাচল শুরু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই লেনটি খুলে দেওয়া হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম শনিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "আষাড়িয়ারচর সেতুর ঢাকামুখী লেনে জরুরি সংস্কারকাজ চলছিল। কাজ শেষ হওয়ায় এখন মহাসড়কের ওই অংশে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।"

সড়ক বিভাগের পক্ষ থেকে শুক্রবার দুপুর থেকে সেতুতে সংস্কারকাজ শুরু করা হয়েছিল। এর ফলে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয় এবং শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই অংশটি বন্ধ ছিল। দীর্ঘ ১৭ ঘণ্টা পর এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।