মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে উচ্চ দরে ডিএপি সার আমদানি ও বিক্রির অভিযোগে ৮০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ওই বাজারের মেসার্স আলিম এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মেহেরুন্নাহারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, আলমখালী বাজারের মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিম চট্টগ্রামের ‘আফজাল এন্টারপ্রাইজ’ থেকে প্রতি বস্তা ডিএপি সার ২ হাজার ১০০ টাকা দরে কিনে এনেছেন। অন্যদিকে সরকারি নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা। হিসাব মতে, ৮০ বস্তা সার কেনার জন্য মোট ১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয় হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেশি দামে সার আমদানি করে এলাকায় আরও উচ্চ মূল্যে বিক্রির পরিকল্পনা রয়েছে—এমন তথ্যের প্রেক্ষিতেই অভিযান চালানো হয়। গোপন সংবাদ পাওয়ার পর উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা আলমখালী বাজারে গিয়ে ওই সারের চালানটি জব্দ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান থেকে প্রতি বস্তা ২ হাজার ১০০ টাকা দরে ডিএপি সার আনা হয়েছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮০ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত সারগুলো স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। পাশাপাশি সার বিক্রির প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।