মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে ডিএপি সার বিক্রির অভিযোগে ৮০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ওই বাজারের মেসার্স আলিম এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মেহেরুনন্নাহারের নেতৃত্বে একটি অভিযানিক দল এই সারগুলো উদ্ধার করে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, আলমখালী বাজারের মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিম চট্টগ্রামের আফজাল এন্টারপ্রাইজ থেকে প্রতি বস্তা ডিএপি সার দুই হাজার ১০০ টাকা দরে কিনে আনেন। অন্যদিকে, সরকারি নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা। হিসাব মতে, ৮০ বস্তা সার কেনাতে মোট খরচ হয় এক লাখ ৬৮ হাজার টাকা।

কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, "বেশি দামে সার কিনে এনে তা আরও বেশি দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছিল।" তিনি জানান, তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মেহেরুনন্নাহার জানান, "সার সংকটের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে সার বিক্রির অভিযোগ পাওয়ার পর ৮০ বস্তা সার জব্দ করা হয়েছে। কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থায় নজরদারি বাড়ানো হবে।"