পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে কৃষকের বরাদ্দকৃত সার কালোবাজারে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে স্থানীয় এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে অভিযান চালিয়ে মেসার্স আফতাব ট্রেডার্সের মালিক গনি বিহারীকে এই জরিমানা প্রদান করা হয়।

অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কালোবাজারে বিক্রি করে আসছিল। ইউনিয়নের বিভিন্ন অবৈধ দোকান থেকে কৃষকদের কাছে ১ হাজার ৫০ টাকা দামের সার ১ হাজার ৫৩০ থেকে ১ হাজার ৫৫০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছিল। এছাড়া বিকেল বা সন্ধ্যার পর সার অন্যত্র পাচার এবং কৃষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। অভিযান চলাকালে জানা যায়, ১ হাজার ৩৫০ টাকা দামের ইউরিয়া সার ১ হাজার ৬০০ টাকা এবং ১ হাজার টাকা দামের এমওপি পটাশ ১ হাজার ২০০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় সার বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।