নড়াইলে পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য কমানোর লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’। তাদের এই কর্মসূচিতে তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিলেই বিনামূল্যে একটি করে গাছের চারা দেওয়া হচ্ছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নড়াইল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। পরিত্যক্ত প্লাস্টিকের বোতল সংগ্রহের পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে সচেতন করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা তিনটি প্লাস্টিকের বোতল জমা দিয়ে বিনিময়ে একটি করে চারাগাছ সংগ্রহ করেন।

আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। রাস্তাঘাট ও ড্রেনে এসব বর্জ্য জমে পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতার মতো সমস্যা তৈরি হয়। তাই বর্জ্য সংগ্রহের সাথে বৃক্ষরোপণকে যুক্ত করে সচেতনতা তৈরির এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের আরও কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

পুরো কর্মসূচিতে “বোতল দিন, চারা নিন—প্লাস্টিক কমান, পরিবেশ বাঁচান” শীর্ষক সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। আয়োজকদের মতে, প্লাস্টিক বর্জ্য নিরুৎসাহিত করে বৃক্ষরোপণে উৎসাহিত করার মাধ্যমে নড়াইলকে আরও পরিচ্ছন্ন ও সবুজ করে গড়ে তোলা সম্ভব হবে।

সংগঠনের সভাপতি জাকারিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তরের উপপরিচালক আশিক এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, মির্জাপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আলী, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফসিয়ার রহমান এবং নড়াইল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল।

এছাড়া অনুষ্ঠানে সংগঠনের অর্থ সম্পাদক মায়েশা আলম মুন, পাবলিসিটি সেক্রেটারি মাছুরা খানম, হেলথ সেক্রেটারি লিবিয়া আক্তার, হিউম্যান সেক্রেটারি শাইলা আক্তার শ্রাবণী ও সহ-সম্পাদক রাফিয়া ফেরদৌস তাসনিমসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।