বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) এক অভিনন্দনবার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় শি জিনপিং চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিগত ৫১ বছরে দুই দেশ সব সময় একে অপরকে সম্মান ও সমতার চোখে দেখেছে, একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে সমর্থন করেছে এবং হাতে হাত রেখে নিজ নিজ আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে।"

চীনের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

নতুন রাষ্ট্রপতির সঙ্গে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন শি জিনপিং। একই সঙ্গে কৌশলগত যোগাযোগ বৃদ্ধি, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার প্রত্যাশা, এসব উদ্যোগের মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়ের সম্পর্ক আরও গভীর হবে এবং দুই দেশের জনগণ এর সুফল পাবে।

এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসও মির্জা ফখরুলকে অভিনন্দন জানায়। এক বার্তায় তারা দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলে, "বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অনেক গুরুত্ব দেয় এবং নতুন এই যুগে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ার ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত, যাতে দুই দেশ ও দুই দেশের জনগণের বড় ধরনের উপকার হয়।"