চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা গেছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গরু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে উখিয়ার বাসিন্দা আব্দুস সালাম ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় আহত চালকসহ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ওসি নুরুল আবছার মুক্তকণ্ঠকে জানান, "আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুস সালামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।"