বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৪) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুলাতলী (টার্গুপাড়া) সীমান্তের ৫২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. সাবেরের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ থেকে বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখার আনুমানিক ৪০০ মিটার ভেতরে বিস্ফোরণটি হয়। ধারণা করা হচ্ছে, মিয়ানমার অংশে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্পের আশপাশে আগে থেকে পুঁতে রাখা ল্যান্ডমাইনে পা পড়লে এই ঘটনা ঘটে।
বিস্ফোরণে গুরুতর আহত সাইফুলকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।"
সীমান্তের ওপারে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় সীমান্তবর্তী অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে জুমচাষ, কৃষিকাজ ও গবাদিপশু চরানোর ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়দের সচেতন করার পাশাপাশি বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।