জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) নাটোরের বিভিন্ন এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৪ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের (আংশিক) আওতাধীন এলাকাগুলোতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে—বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।