নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তার অধিকার রক্ষায় দেশব্যাপী বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে এই কার্যক্রম পরিচালিত হয়।

শনিবার (২২ আগস্ট) রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

অভিযান চলাকালীন কর্মকর্তারা দোকানে ঝুলানো মূল্যতালিকা যাচাই এবং নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মাপে কারচুপি রোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধ এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি ঠেকাতে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে নজরদারি চালানো হয়।

জানা গেছে, ঢাকা মহানগরসহ দেশের চারটি জেলায় অধিদপ্তরের মোট ছয়টি দল এই তদারকি কার্যক্রম পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১২টি প্রতিষ্ঠানকে মোট ৫৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

বাজার তদারকির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এই অভিযানে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও স্থানীয় শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে অধিদপ্তর।

এদিকে কেনাকাটার সময় সাধারণ ভোক্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পণ্যের মূল্যতালিকা যাচাই করা, সঠিক ওজন বুঝে নেওয়া, মোড়কে লিখিত সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) ও মেয়াদের তারিখ দেখে পণ্য কেনা এবং প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।