বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ প্রদানের লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় দেশব্যাপী কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএইর মহাপরিচালক মো. আব্দুর রহিমের সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, কৃষক কার্ড প্রদানের জন্য কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে। সংগৃহীত তথ্যের সঠিকতা ও পূর্ণতা নিশ্চিত করতে নিয়মিত যাচাই ও অনুমোদনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্লকগুলোতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং সার ডিলারদের তথ্য বিদ্যমান অ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে হবে। প্রথম পর্যায়ে দুই ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে, বাকি দুটি ব্লকের তথ্য আগামী রবিবার (২৩ আগস্ট) এর মধ্যে সংগ্রহ করতে হবে।

এছাড়া, আগামী বুধবার (২৬ আগস্ট) এর মধ্যে অবশিষ্ট সব ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিলারদের তথ্য সংগ্রহ করা হবে।

চিঠিতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে যেন কোনো ব্লক বাদ না পড়ে এবং সংশ্লিষ্ট ব্লকের আওতাধীন সব মৌজা ও গ্রামের তথ্য যথাযথভাবে সংযুক্ত করা হয়। তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদনের প্রতিটি ধাপে তথ্যের নির্ভুলতা ও পূর্ণতা নিশ্চিত করতে হবে।