নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় প্রচণ্ড গরমে অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২২ আগস্ট) বিকেলে 'ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড' নামের কারখানাটিতে এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের বেপজা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কয়েকজন নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সময়ের সাথে সাথে অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ছোটাছুটি শুরু করেন।
শিল্প পুলিশ-৪-এর গোয়েন্দা শাখার পরিদর্শক আনোয়ারুল হক জানান, "প্রচণ্ড গরমে কারখানাটির ৬০ থেকে ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘটনার সময় কারখানায় বিদ্যুৎ ছিল না। অসুস্থদের বেপজা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।"
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) বিল্লাল হোসেন বলেন, "শুরুতে ৭-৮ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে আরও ১০ জনের বেশি শ্রমিক অসুস্থবোধ করার কথা জানান। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।"
তবে ভিন্ন মত পোষণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। তিনি বলেন, "কারখানার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নষ্ট হয়ে যাওয়ায় প্রথমে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের দেখে আতঙ্কে আরও প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বেপজা হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।"
এদিকে আদমজী ইপিজেডে বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, গরমে অসুস্থ হয়ে প্রায় ২০ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।