মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন মনু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। তাকে মৃত ভেবে ঘটনাস্থলের পাশে ফেলে পালিয়ে গেছে তার সহযোগী চোর চক্রের সদস্যরা।

গত শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে মাগুরা সদর উপজেলার ১৮ খাদা ইউনিয়নের কালীনগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত মনু মিয়া লক্ষীকান্ত রজব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনু মিয়া ওপর থেকে ছিটকে নিচে পড়ে যান। তাকে মৃত মনে করে সহযোগীরা তাকে পাশের একটি মাঠে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

রোববার সকালে স্থানীয়রা মাঠে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তার কাছে গেলে তিনি নিজের পরিচয় দেন। তিনি জানান, তার সঙ্গে মুরাদ, ইব্রাহিম ও মফিজ নামে আরও তিনজন ছিলেন, যাদের বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়।

ঘটনাস্থলের পাশে একটি ব্যাগ এবং ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছেন স্থানীয়রা। এর মাধ্যমেই তারা নিশ্চিত হন যে, চুরির চেষ্টা চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে।

আহত মনু মিয়া জানান, "ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এরপর তার সঙ্গীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।"

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে মাগুরা জেলার বিভিন্ন স্থানে ট্রান্সফরমার ও স্যালো মেশিনের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটছে। আহত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন মুক্তকণ্ঠকে বলেন, "ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"