রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিষয়ে জ্ঞান বিনিময় এবং রোগীর সেবার মান উন্নয়নের লক্ষ্যে এক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত চলা এই সম্মেলনটি ছিল সম্পূর্ণ ‘পেপারলেস পদ্ধতিতে’।
বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস (বিআইটি) এই সম্মেলনের আয়োজন করে। বিআইটি মূলত হৃদরোগ চিকিৎসাবিষয়ক জ্ঞান আদান-প্রদানের একটি সহযোগিতামূলক প্ল্যাটফর্ম। সম্মেলনে বাংলাদেশের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞদের পাশাপাশি জাপান, ভারত, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।
আলোচনায় হৃদরোগের জরুরি ইন্টারভেনশনাল চিকিৎসা, প্রাইমারি পিসিআই এবং সমসাময়িক ইন্টারভেনশনাল কার্ডিওলজির গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। বিশেষ করে জটিল হৃদরোগীদের চিকিৎসায় উন্নত ও সর্বাধুনিক পদ্ধতিগুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়, যা বিশেষজ্ঞদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
সম্মেলনের প্রোগ্রাম ডিরেক্টর, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক আফজালুর রহমান বলেন, “একদিনের এই একাডেমিক সম্মেলন বাংলাদেশি হৃদরোগ বিশেষজ্ঞদের ইন্টারভেনশনাল চিকিৎসা পদ্ধতির নতুন নতুন দিক আরও কার্যকরভাবে প্রয়োগ করতে এবং রোগীসেবায় আরও বেশি আত্মনিয়োগ করতে সহায়তা করবে। পাশাপাশি জাপান, ভারত, নেপাল, যুক্তরাজ্যসহ বিশ্বের অন্যান্য দেশের হৃদরোগ বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশি হৃদরোগীদের চিকিৎসায় আরও সুফল বয়ে আনবে এবং গবেষণায় নতুন পথ প্রশস্ত করবে।”