নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া মহল্লার জমশেদ আলীর ছেলে সাব্বির হোসেন (ভ্যানচালক) এবং বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাঈদ হোসেন (যাত্রী)।

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড়হরিশপুর বাইপাস এলাকায় অটোভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, "দুর্ঘটনার পর শিশির পরিবহনের চালক ও হেলপার বাসটি রেখে পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"