ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে ঘোষণা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ভারতের সাথে সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, "আমাদের একটি ওয়ার্কিং ও পজিটিভ রিলেশনশিপ থাকবে, কারণ তারা আমাদের প্রতিবেশী। তবে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো দেশের সাথেই চুক্তি বা আলোচনা হতে পারে না।"

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "শেখ হাসিনা দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে গেছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার আউটকাম রয়েছে ও আরও মামলা বিচারাধীন। ভারতের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে ও এটি চলমান এনগেজমেন্টেরই অংশ। দেশের মানুষের সেন্টিমেন্টকে প্রাধান্য দিয়েই আমরা ভারতের সাথে আলোচনা চালিয়ে যাব।"

ভারত সফরের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এই সফরের বিষয়ে বর্তমানে কোনো তাড়াহুড়ো নেই। প্রয়োজনীয় গ্রাউন্ডওয়ার্ক এবং আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে সঠিক সময়েই এই সফর অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। পরবর্তীতে দুপুর ১টা ৫০ মিনিটে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

পুষ্পস্তবক অর্পণের পর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং স্মৃতিসৌধের স্মারকগ্রন্থে স্বাক্ষর করেন।