যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার শর্তাবলী যথাযথভাবে মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনার নিয়ম ভঙ্গ করলে ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতা হারানোর ঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, "কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, ক্লাসে অনুপস্থিত থাকলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের অধ্যয়নরত কর্মসূচি থেকে সরে দাঁড়ালে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।"
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থান বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করে দূতাবাস জানিয়েছে, সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সব সময় ভিসার শর্ত মেনে চলতে হবে। শিক্ষার্থী ভিসার শর্ত লঙ্ঘন করলে শুধু বর্তমান ভিসার ওপরই প্রভাব পড়বে না, বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা পড়াশোনার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।