কুমিল্লার লাকসামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খবির আহমেদ (৫৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় নেওয়ার পথে এই মৃত্যু ঘটে।

নিহত খবির আহমেদ লাকসাম উপজেলার নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তার স্ত্রী রেহানা বেগমও একই বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত। শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন খবির আহমেদ। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার রক্তে প্লাটিলেটের মাত্রা দ্রুত কমতে শুরু করে। এরপর চিকিৎসকের পরামর্শে শুক্রবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয়।

এই শোকাবহ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল বলেন, “এমন শিক্ষক আর পাব না। তিনি এতটাই নমনীয় ও পরহেজগার মানুষ ছিলেন যা ভাষা প্রকাশ করা কঠিন। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

খবির আহমেদের মৃত্যুতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং অভিভাবকেরা গভীর শোক প্রকাশ করেছেন।