কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছর বয়সী শিশু মুস্তারীন আদ্রিতার অস্বাভাবিক আচরণ এবং ‘মিউ মিউ’ শব্দ করার ঘটনা সামনে এসেছে। কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বর্তমানে ঢাকায় পাঠানো হয়েছে। তবে শিশুটির এই আচরণের পেছনে ভয় বা মানসিক চাপের প্রভাব থাকতে পারে বলে মনে করছেন চিকিৎসক।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় বিষয়টি জানান কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "গত ১৭ আগস্ট শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে আনা হয়। বিড়ালের আঁচড়ের পর শিশুটিকে র‍্যাবিসের টিকাও দেওয়া হয়েছিল। তার জলাতঙ্কের কোনো লক্ষণ নেই। তবে এ পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।"

শিশু আদ্রিতা ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার বাসিন্দা ব্যাংকার সাব্বিরের মেয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে আদ্রিতাকে বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করতে এবং অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়।

এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আদ্রিতাদের পরিবারে শখ করে একটি বিড়াল পোষা হতো। তবে বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং পরিবার থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। স্থানীয় বাসিন্দা হেলান মজুমদার বলেন, "আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেছে আমরা জানতামই না। ভিডিওটি দেখার পরে জানতে পেরেছি। ভুক্তভোগী পরিবারের কেউই বাড়িতে নেই। বর্তমানে আদ্রিতা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি। তবে রাজধানীর কোন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, তা বলেতে পারছি না।"

শিশুটির বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে জানতে তার বাবা সাব্বিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।