রংপুরের কাউনিয়া হারাগাছ পৌর এলাকায় সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হারাগাছ পৌর বিএনপি।

অভিযুক্ত সাইদুল ইসলাম রঞ্জু হারাগাছ পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার (২১ আগস্ট) রাতে হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু স্বাক্ষরিত নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, "হারাগাছ পৌর শহরের মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা প্রদানে ওয়ার্ড সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হলো।"

শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু বলেন, "সরকারি ভাতা প্রদানের নামে দলীয় পরিচয়ে নেতার টাকা নেওয়া অপরাধ। একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদানের নামে তাদের কাছ থেকে সাইদুল ইসলাম রঞ্জুর টাকা নেওয়া ও ফেরত দেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি নজরে এলে পৌর বিএনপির নেতারা তদন্ত করেন। প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।"

অন্যদিকে, মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমিন জানান, সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য বিএনপি নেতা রঞ্জু তাদের তিনজনের কাছে ৩৪ হাজার টাকা চান। পরে ৩০ হাজার টাকা দিলে নাম তালিকায় দেওয়া হবে বলে জানানো হয়। তারা প্রথমে ১৫ হাজার টাকা প্রদান করেন এবং বাকি টাকা কয়েকদিন পর দেবেন বলে জানান। তবে দলীয় পরিচয়ে টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে পরদিন রঞ্জু তাদের টাকা ফেরত দেন।