জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অসমাপ্ত কাজগুলো পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে জাদুঘরে আসা দর্শনার্থীদের কয়েকটি ছবি জুড়ে দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘জনতার জুলাই, জনতার আত্মায়। আমার স্রেফ একটা কথাই আছে বলার—জাদুঘরের অসমাপ্ত কাজগুলো আবার শুরু করার উদ্যোগ নেন, জনবল নিয়োগ দেন, আর যেসব পরিকল্পনা নিয়ে আমরা শুরু করেছিলাম সে কাজগুলো করেন, তাহলে এই জাদুঘর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কালচারাল সেন্টারে পরিণত হবে।’

এটা একই সঙ্গে কালচারাল ডিসকোর্স এবং প্রোডাক্ট তৈরিতেও বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, ‘যারা শোনার তারা কি মনোযোগ দিয়ে শুনছেন, ভাইয়েরা আমার?’

এর আগে, পৃথক এক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী জানান, জুলাই জাদুঘর গড়ে তোলার কাজ ছিল ‘আক্ষরিক অর্থেই একটি যুদ্ধের মতো। মন্ত্রণালয়ের শত শত কাজের মধ্যে মাত্র এক বছরের মধ্যে শূন্য থেকে একটি পূর্ণাঙ্গ জাদুঘরের কাঠামো দাঁড় করানো ছিল অত্যন্ত কঠিন একটি দায়িত্ব। এই কাজ করতে গিয়ে তার আয়ুসহ অনেক কিছু কেড়ে নিলেও শত শত শহীদ যেখানে জীবন দিয়েছেন, সেখানে এই কষ্ট তেমন কিছুই নয় বলে মনে করেন তিনি।

শূন্য থেকে এ পর্যন্ত জাদুঘরটি দাঁড় করানোর পেছনে যাদের দিন-রাতের শ্রম রয়েছে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ফারুকী। তার ভাষ্য, এখন পর্যন্ত যারা জাদুঘরটি পরিদর্শন করেছেন তারা আবেগ সংবরণ করতে পারেননি এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকায় এই জাদুঘর নিয়ে ইতিবাচক পর্যালোচনা প্রকাশিত হয়েছে। টিম লিডার ও আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে কাজ করার সময় কঠোর ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সবার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন।