জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে আগামী রোববার (২৩ আগস্ট) চট্টগ্রামের নির্দিষ্ট কিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২২ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চট্টগ্রাম থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিপিডিবি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটের মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে এই বিদ্যুৎ বিভ্রাট হবে। রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ওইসব এলাকায়।

বিদ্যুৎহীন এলাকার তালিকায় রয়েছে নগরীর বদরুতলা, বড় গ্যারেজ, জাতি শাহ মাজার, আরাকান রোড ও আশপাশের এলাকা, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, বহদ্দারহাট, শোলকবহর, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার এবং রাহাত্তারপুল ও এর আশপাশের এলাকা।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিপিডিবি, চট্টগ্রাম কর্তৃপক্ষ।