সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে কড়া নিরাপত্তাবলয়ের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে জোরপুল দরবার শরিফের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে স্থানীয় পুলিশ এ ঘটনার সত্যতা অস্বীকার করেছে।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মন্ত্রিসভার নতুন সদস্যদের ভিআইপি প্রটোকলে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ছিল। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্মৃতিসৌধের আশপাশে কড়া নিরাপত্তাব্যবস্থা বজায় রেখেছিল।
এমন পরিস্থিতিতে সাভারমুখী লেনে তিনটি বাস দাঁড় করিয়ে প্রথমে কয়েকজন এবং পরে প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী ‘প্রত্যাবর্তন ২.০’ ব্যানার নিয়ে সড়ক অবরোধ করে মিছিল শুরু করেন। মিছিলে সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের অনুসারীরা অংশ নেন। রুবেল সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের অনুসারী হিসেবে পরিচিত।
মিছিলকারীরা শেখ হাসিনার ছবি-সংবলিত ব্যানার ও কাঠের লাঠি হাতে নিয়ে মহাসড়কে অবস্থান করে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন। মিছিলটি মাত্র ৫০০ মিটার এগিয়ে যাওয়ার পর দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত চারজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে এ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় দোকানদার ও ওয়ার্কশপ কর্মীরা জানান, জোহরের আজানের কিছু আগে তিনটি গাড়ি এসে থামে এবং গাড়ি থেকে নেমে তারা দ্রুত মিছিল শুরু করে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মিছিলের সময় পেছনে থাকা যানবাহন আটকে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়। মিছিলকারীরা অতি দ্রুত কর্মসূচি শেষ করে এলাকা ত্যাগ করে।
এদিকে, ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম দাবি করেন, ‘আজ বিকেল ৩টা পর্যন্ত ভিআইপি নিরাপত্তার কারণে আমরা মেইন রোডেই ডিউটিতে ছিলাম। আমাদের এলাকায় এমন কোনো মিছিলের খবর জানা নেই।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ‘এটা ফেক নিউজ’ দাবি করে বলেন, ‘খবর পেয়ে আমি নিজে সরজমিনে জোরপুল এলাকায় গিয়েছিলাম। গিয়ে দেখেছি সবকিছু স্বাভাবিক ছিল। এমন কোনো ঘটনা ঘটেনি। প্রচারিত ফুটেজটি অন্য কোনো সময়ের হতে পারে।’
যৌতুকের জন্য গৃহবধূকে অমানুষিক নির্যাতন, স্বামী গ্রেপ্তার
২২ আগস্ট, ২০২৬ এ ৭:১৫ অপরাহ্ণ