চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজ বাসা থেকে শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহিদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে এবং তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ও মৃতের স্ত্রী শারমিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শারমিন আকতার বলেন, "কিছুদিন ধরে মানসিক ও পারিবারিক চাপে ছিলেন শাহিদ। কয়েক মাস আগে ব্যাংক কর্তৃপক্ষ তাকে কক্সবাজার থেকে বদলি করলে তিনি চাকরি ছেড়ে দেন। এরপর থেকে পরিবারে অশান্তি ও আর্থিক সংকট তৈরি হয়।"
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল গফুর মুক্তকণ্ঠকে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী চাকরি ছাড়ার পর থেকে তিনি ঋণগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং) খায়রুল বাশার মুক্তকণ্ঠকে জানান, "ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ অস্ত্রটি জব্দ করেছে। আইনগত প্রক্রিয়া চলমান। ঘটনার সঠিক কারণ ও বিবরণ জানতে তদন্ত করা হচ্ছে।"