রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিগত পরিবর্তন না হলে নেতৃত্বের পর্যায়ে নারীর সমান ও টেকসই অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালীকরণ এবং গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক সংলাপে তিনি এই মত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শামা ওবায়েদ বলেন, "রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিগত পরিবর্তন না হওয়া পর্যন্ত নেতৃত্বের জায়গায় নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। বড় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং দলীয় নীতিতে সংস্কার প্রয়োজন।"

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের প্রসারে তৃণমূল পর্যায়ের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "জেলা ও উপজেলা কমিটিগুলোতে ৩০ থেকে ৩৫ শতাংশ নারীর উপস্থিতি নিশ্চিত করা না গেলে মূল জায়গায় পরিবর্তন আসবে না। যত বেশি নারী শিক্ষিত হবে, তত বেশি তারা স্বনির্ভর হবে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। এ ক্ষেত্রে সরকার নারীদের শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিচ্ছে।"

সংলাপে অংশগ্রহণকারী বক্তারা উল্লেখ করেন যে, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও রাজনীতিতে নারীদের সক্রিয়তা থাকলেও নীতি-নির্ধারণী ও শীর্ষ পর্যায়ে তাদের উপস্থিতি এখনো নগণ্য। তরুণ ও নারী নেতৃত্বের জন্য সুযোগ তৈরির প্রাথমিক দায়িত্ব বড় রাজনৈতিক দলগুলোরই বলে তারা মনে করেন।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেন, "সমাজের বিভিন্ন পর্যায়ে নারী নেতৃত্ব কতখানি বিকশিত হয়েছে, তার ওপর ভিত্তি করেই একটি দেশের সভ্যতার মানদণ্ড নির্ধারণ করা যায়।"

এছাড়া অনুষ্ঠানে নারীদের প্রতি সাইবার বুলিং ও হয়রানির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।