চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকালে পতেঙ্গার নেভি হাসপাতাল গেটের বিপরীত সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির বাসিন্দা মামুন মিয়া ও মুক্তা দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে নাফিসার আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে বাসা থেকে বের হলেও তিনি আর কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, "সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ক্রেনের সঙ্গে সংঘর্ষে নাফিসা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।"

উল্লেখ্য, বন্যার কারণে চট্টগ্রামে ৩২টি বিষয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গত বৃহস্পতিবার সেসব স্থগিত পরীক্ষা শুরু হয় এবং আজ ছিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ বরগুনার বামনা উপজেলায় তার নিজ গ্রামে নিয়ে যাওয়ার কথা রয়েছে।