গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাজুনিয়া মনা মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, চর সোনাকুড় এলাকার শারাফত শেখের ছেলে মেহেদী হাসান, রমজান আলীর ছেলে হৃদয় খান এবং মাঝিগাতী গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল বের করেন। মিছিল থেকে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীদের অনেকে পালিয়ে যান এবং ছয়জনকে আটক করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, "কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।"
পুলিশ জানিয়েছে, আটক ছয়জনের বিরুদ্ধে বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।